বিশেষ প্রতিনিধি, nipon।।
সৌদি আরব-এ মিসাইল হামলায় আহত এক বাংলাদেশি প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের নাম আব্দুল্লাহ আল মামুন (৩৫)। তিনি গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রোববার ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন গুরুতর দগ্ধ হন। পরে তাকে স্থানীয় ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতাল-এ ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণে মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে যায়। দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। তার একটি ছেলে সন্তান রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন এবং মামুনসহ আরও কয়েকজন বাংলাদেশি প্রবাসী আহত হন।