বিশেষ প্রতিনিধি, nipon।।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব এবার সরাসরি পড়েছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৬টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি এবং ফ্লাইদুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে এখন পর্যন্ত মোট ৬১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং আন্তর্জাতিক ভ্রমণসূচি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের মাধ্যমে পরিস্থিতির শুরু হয়। এরপর ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪টি, ১৫ মার্চ ২৩টি, ১৬ মার্চ ২৮টি, ১৭ মার্চ ২৬টি, ১৮ মার্চ ২৬টি এবং ১৯ মার্চ ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ধরনের ফ্লাইট বাতিল অব্যাহত থাকতে পারে। এতে করে প্রবাসী শ্রমিক, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।