বিশেষ প্রতিনিধি, nipon।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দানে এবারও সম্পন্ন হয়েছে ঈদের প্রধান জামাতের সকল প্রস্তুতি। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই জামাত, যেখানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে টানা ২৮ দিনের কর্মযজ্ঞে ঈদগাহ মাঠ প্রস্তুত করা হয়েছে। প্রায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া এই কাজে শতাধিক কর্মী দিনরাত পরিশ্রম করেছেন। বিশাল প্যান্ডেল নির্মাণে ব্যবহৃত হয়েছে ৪৩ হাজারের বেশি বাঁশ, ১৫ টনেরও বেশি রশি এবং বৃষ্টির হাত থেকে সুরক্ষায় টানানো হয়েছে প্রায় ১,৯০০টি ত্রিপল। আলোকসজ্জার জন্য স্থাপন করা হয়েছে প্রায় ৯০০টি টিউবলাইট।
দীর্ঘ ৩৬ বছর পর এবার একইসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই জামাতে অংশ নেবেন। ইমামতি করবেন মুফতি আব্দুল মালেক।
ঈদগাহে ভিআইপি ও সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় ৩৩০ জন ভিআইপির জন্য সংরক্ষিত এলাকা ছাড়াও সাধারণ মুসল্লিদের জন্য ৩১ হাজার পুরুষ ও ৩,৫০০ নারীর পৃথক নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। মোট ১২১টি কাতারে সাজানো হয়েছে নামাজের ব্যবস্থা।
মুসল্লিদের স্বাচ্ছন্দ্যের জন্য স্থাপন করা হয়েছে ১,১০০টি ফ্যান (৯০০ সিলিং ও ২০০ স্ট্যান্ড), ভিআইপি কাতারে রাখা হয়েছে এসি সুবিধা। ওজুর জন্য রয়েছে পৃথক ব্যবস্থা এবং পুরো এলাকায় নিশ্চিত করা হয়েছে সুপেয় পানির সরবরাহ।
নিরাপত্তা জোরদারে পুরো ঈদগাহ এলাকা সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রবেশের জন্য রাখা হয়েছে চারটি গেট এবং নামাজ শেষে দ্রুত বের হওয়ার জন্য সাতটি প্রস্থান পথ নির্ধারণ করা হয়েছে। এছাড়া জরুরি চিকিৎসাসেবায় নিয়োজিত থাকবে দুটি মেডিকেল টিম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদগাহে স্থান পূর্ণ হয়ে গেলে আশপাশের সড়ক ও খোলা জায়গা মিলিয়ে প্রায় ১ লাখ মুসল্লি জামাতে অংশ নিতে পারবেন। আর প্রতিকূল আবহাওয়ার ক্ষেত্রে প্রধান জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ সকাল ৯টায়।
মুসল্লিদের নির্ধারিত সময়ের আগে উপস্থিত হয়ে সুশৃঙ্খলভাবে জামাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।