বিশেষ প্রতিনিধি, nipon।।
যুদ্ধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ইরানে চলমান সংঘাত ও হামলার আশঙ্কা উপেক্ষা করেই শনিবার (২১ মার্চ) দেশটির মুসলিমরা ঈদের নামাজ আদায় ও উৎসব উদযাপন করেছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে ঈদের আনন্দ কিছুটা ম্লান হলেও ধর্মীয় অনুশাসন পালনে পিছপা হননি ইরানিরা। সীমিত আয়োজন, নিরাপত্তা শঙ্কা এবং শোকের আবহের মধ্যেই তারা ঈদের জামাতে অংশ নেন এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
ইরানের পাশাপাশি এশিয়ার আরও কয়েকটি দেশেও একই দিনে ঈদ উদযাপিত হচ্ছে। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় শনিবার ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত। এছাড়া জম্মু-কাশ্মির, পশ্চিমবঙ্গ, কেরালা ও অন্যান্য রাজ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করা হয়।
এর আগে শুক্রবার সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশেও মুসলিম সম্প্রদায় ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
বিশ্বজুড়ে নানা সংকট ও সংঘাতের মাঝেও ঈদ মুসলিমদের জন্য নিয়ে এসেছে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা।