বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান শনিবার (২১ মার্চ) ঈদ জামাত শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, সরকারের পক্ষ থেকে গণভোটের রায়ের বিরোধিতা হলে তা দুঃখজনক হবে।
তিনি বলেন, জনগণ দুইটি ভোট দিয়েছে একটি গণভোট এবং একটি সংসদ নির্বাচন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি একটি ভোট বৈধ হয়, আরেকটি কেন অবৈধ হবে। শফিকুর রহমান উল্লেখ করেন, সরকারি দলের উচিত জনমতের সম্মান করা এবং গণভোটের রায় মেনে চলা।
শহীদ, আহত ও মুক্তিযোদ্ধাদের প্রতি দায়িত্বের কথাও উল্লেখ করে তিনি বলেন, “আমরা যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে।”
ঈদ যাত্রার সময় নানা সমস্যার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান বলেন, ভাড়া বৃদ্ধি ও যাত্রাপথের অনিয়ম সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, এটি মানবতাবিরোধী অপরাধ এবং সরকারের ব্যর্থতা স্পষ্ট।
বৈশ্বিক শান্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “গাজা, ফিলিস্তিন, ইরাক, কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধের কারণে মানুষ ঈদের আনন্দ থেকে বঞ্চিত। আমরা দোয়া করি, আল্লাহ জালিমদের মানবতা বোধ দান করুন এবং মজলুমদের সহায়তা করুন।”
শেষে শফিকুর রহমান দেশবাসী এবং প্রবাসী বাংলাদেশিসহ মুসলিম বিশ্বের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আল্লাহ সত্য ও মানবতার পক্ষে থাকা মানুষদের বিজয় দান করুন।