বিশেষ প্রতিনিধি, nipon।।
পবিত্র ঈদুল ফিতর-এর টানা সাত দিনের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আগেভাগেই কর্মস্থলে ফিরছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সোমবার (২৩ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, রাজধানীতে ফেরত আসা যাত্রীদের উপস্থিতি বাড়লেও ভিড় তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত। অনেকেই জানান, ছুটি শেষে একসঙ্গে চাপ এড়াতে তারা নির্ধারিত সময়ের আগেই ঢাকায় ফিরেছেন।
এর আগে দীর্ঘ ছুটি উপলক্ষে ১৭ মার্চ থেকে রাজধানী ফাঁকা হতে শুরু করে। ঈদ উদ্যাপনের জন্য বাস, ট্রেন ও লঞ্চে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন হাজারো মানুষ। তখন প্রতিটি পরিবহন মাধ্যমেই ছিল ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড়।
সরকারি-বেসরকারি অফিস মঙ্গলবার (২২ মার্চ) থেকে খোলা শুরু হওয়ায় সোমবার থেকেই ঢাকায় ফেরার চাপ বাড়তে থাকে। তবে আগেভাগে ফিরে আসায় যাত্রীরা কিছুটা স্বস্তিতে ছিলেন বলে জানান।
অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও অনেককে রাজধানী ছাড়তে দেখা গেছে। যারা ঈদের সময় পরিবারের সঙ্গে থাকতে পারেননি, তারা ছুটির সুযোগে পরে সময় কাটাতে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন। সড়কপথের ভোগান্তি এড়াতে অনেকেই বেছে নিচ্ছেন রেলপথ।
সব মিলিয়ে ঈদের আমেজ কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরছে রাজধানী।