বিশেষ প্রতিনিধি, nipon।।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় বিএনপি নেতা প্রকৌশলী ওসমান (৪২) ও তার মা আছিয়া বেগম (৭০) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত ওসমান ওই ইউনিয়ন বিএনপির সভাপতি এবং গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, চারজন সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ ঘরে প্রবেশ করে গুলি ছুড়তে শুরু করে। এতে ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হন। তাকে রক্ষা করতে গেলে তার মা আছিয়া বেগমের দুই পায়েও গুলি লাগে।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ওসমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার মায়ের চিকিৎসা স্থানীয়ভাবে চলছে।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।