বিশেষ প্রতিনিধি, nipon।।
সোমবার (২৩ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষ হচ্ছে। টানা সাত দিন ছুটির পর মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা,শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান। গত শনিবার (২১ মার্চ) মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ মোট সাত দিন নির্ধারিত সরকারি সাধারণ ছুটি শেষে মঙ্গলবার অফিসে যোগ দেবেন কর্মজীবীরা।
তবে অফিস খোলার একদিন পর ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় সরকারি-বেসরকারি অনেকে ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটির সঙ্গে ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি মিলিয়ে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন। ফলে অফিস আদালতের পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে আগামী সপ্তাহ পর্যন্ত সময় লাগবে।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে অফিস পাড়া তেমন কর্মব্যস্ত থাকে না। সহকর্মীরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত থাকেন। একইভাবে ব্যাংকে জরুরি প্রয়োজন ছাড়া লেনদেনও খুব একটা হয় না।