বিশেষ প্রতিনিধি, nipon।।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন। মঙ্গলবার ( ২৪ মার্চ ) সকালে সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, চলমান চ্যালেঞ্জ এবং আইএমএফের ঋণ কর্মসূচির অগ্রগতি ও পর্যালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং ভবিষ্যৎ সংস্কার কার্যক্রম নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।
দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন। এছাড়া ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকেও অংশগ্রহণ করার কথা রয়েছে তার।
দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনের শেষ ভাগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করবেন তিনি। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করবেন প্রধানমন্ত্রী।
সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এসব বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, যা দেশের অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।