বিশেষ প্রতিনিধি, nipon।।
ঢাকার দুই আসন ঢাকা-৪ ও ঢাকা-১৬ এর ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জামাদি নির্বাচন কমিশনের (ইসি) হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগের মামলার প্রেক্ষিতে এসেছে।
বৃহস্পতিবার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ জুন তারিখ নির্ধারণ করেছেন।
এর আগে ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন। তারা ভোট পুনর্গণনার দাবি করেছেন।
হাইকোর্টের এ বেঞ্চ বিএনপির আটজন, জামায়াতে ইসলামের সাতজন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী আবেদনপত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট ইসির হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার ভিত্তিতে নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।