বিশেষ প্রতিনিধি, nipon।।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে দেশের জ্বালানি আমদানিতে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন নেতৃত্বে প্রতিনিধি দল প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।
অর্থমন্ত্রী বলেন, যুদ্ধের প্রেক্ষাপট, ব্যাংকিং ও শেয়ারবাজারের চ্যালেঞ্জ, ট্যাক্স ও জিডিপি সব বিষয়গুলো আলোচনার মধ্যে এসেছে। সরকার মাত্র এক মাস হলো দায়িত্বে এসেছে, তার মধ্যেই রমজান ও যুদ্ধ শুরু হয়েছে। তবু জ্বালানি সংকট সত্ত্বেও দেশের পরিবহন বা দ্রব্যমূল্যে সমস্যা হয়নি। এটি আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার ফল।
তিনি আরও বলেন, সরকার একা পারবে না। সবাইকে সহানুভূতিশীল ও সংযমী হতে হবে। যুদ্ধে আমাদের কোনো হাত নেই, তবে আমরা এর প্রভাব ভোগ করছি। তাই সরকারকে সহযোগিতা করতে হবে।
আইএমএফের ঋণ ও কর্মসূচি সম্পর্কেও অর্থমন্ত্রী জানিয়েছেন, ঋণ বিষয়ক আলাপ-আলোচনা জুলাই মাসে হবে, এবং এপ্রিলের ওয়াশিংটন বৈঠকে এগুলোর বিস্তারিত আলোচনা হবে। অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন প্রকল্প পুনরুজ্জীবিত করার জন্য ইতোমধ্যেই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তা বাজেটে প্রতিফলিত হবে।