বিশেষ প্রতিনিধি, nipon।।
বিদেশে উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির বাধা কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর এ কথা জানান।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সির সাপোর্ট হিসেবে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী নুর আরও জানান, এই উদ্যোগের লক্ষ্য কোরিয়া, জাপান, চায়না, জার্মানি মতো দেশে পাঠানো শিক্ষার্থীদের সহায়তা করা। মন্ত্রণালয়ের নিজস্ব প্রবাসী কল্যাণ ব্যাংক এই ঋণ প্রদানে বিশেষভাবে ডেডিকেট করা হবে।
মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের শ্রমবাজারের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে কাজ করছে। যুদ্ধের ফলে কিছু সংকট তৈরি হলেও, পুনর্নির্মাণ কাজে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে আমাদের শ্রমিকরা বেশি বেতনভুক্ত পদে কাজ করতে পারে।
প্রতিমন্ত্রী নুর জানান, জাপানে এক লাখ শ্রমিক পাঠানোর জন্য সরকারের সঙ্গে একটি এমওইউ হয়েছে। জাপান এবং ইউরোপে শ্রমিক প্রেরণের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পাশাপাশি, ইউরোপের কিছু দেশের ভিসা প্রক্রিয়ার জন্য প্রবাসীদের ভারতের মাধ্যমে যাতায়াতের প্রয়োজন হয়; প্রধানমন্ত্রীর নির্দেশে এসব দেশের কনস্যুলার সেবা বাংলাদেশে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।