বিশেষ প্রতিনিধি, nipon।।
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক একটি মানহানির মামলায় জামিন পেয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, এই মামলায় ইনুকে আদালতে হাজির করা হলে তাকে গ্রেফতার দেখানো হয়। অপর দুই আসামি মেনন ও বিচারপতি মানিক আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনজনের পক্ষে জামিন আবেদন করা হলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে চলতি বছরের ২১ জানুয়ারি একই মামলায় মেনন ও বিচারপতি মানিককে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয় আদালত।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে ‘রাজাকার আর যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এর আগে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি সেমিনারে বিচারপতি মানিক বলেছিলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী।’
২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক এই মামলা দায়ের করেন।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশ অনুযায়ী চলবে।