বিশেষ প্রতিনিধি, nipon।।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট দেখা দেওয়ায় বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। এ প্রেক্ষাপটে প্রতিবেশী ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
মঙ্গলবার ( ২৪ মার্চ ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আগে থেকেই ভারতকে জ্বালানি আমদানির আগ্রহের কথা জানিয়েছিল এবং এ বিষয়ে ‘গ্রীন সিগন্যাল’ পাওয়া গেছে।
তিনি আরও জানান, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনসুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই এ বিষয়ে অগ্রগতি হবে বলে আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে দেশটির সব মিশন সার্বক্ষণিক কাজ করছে। ইরানে থাকা দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। তবে কেউ দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন তিনি।