বিশেষ প্রতিনিধি, nipon।।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে ইতোমধ্যেই কথা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য অন্তর্বর্তী সরকার ভারতের কাছে চিঠি দিয়েছিল। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিষয়টি শুধু মৌখিকভাবে ভারতের দূতের কাছে তোলা হয়েছে, আনুষ্ঠানিক কোনো চিঠি এখনও পাঠানো হয়নি।
শামা ওবায়েদ বলেন, আমরা সরকারে আসার পর এক মাস হয়েছে। সেই এক মাসে ভারতের হাইকমিশনারের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে; ওই মিটিংয়ে এই বিষয়গুলো আলোচনা হয়েছে। গত ১৭ বছরে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো এবং আরও যাদের বিষয় রয়েছে, সেগুলো নিয়েও আমরা কথা বলেছি।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে বাংলাদেশ যে আগ্রহ প্রকাশ করেছিল, তার জন্য ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
এছাড়া, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেন-এর জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনসুলার অ্যাক্সেস পাননি ঢাকার পক্ষ। তবে সরকার আশা করছে, দ্রুতই তাদের দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।