বিশেষ প্রতিনিধি, nipon।।
জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, এ সংক্রান্ত একটি আইন আগামী সংসদ অধিবেশনে পাস করা হবে।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভোট দিয়ে নির্বাচিত করায় সরকার জাতির প্রতি কৃতজ্ঞ। তিনি আরও জানান, এখন থেকে প্রতি মাসে সরকারের কার্যক্রমের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরা হবে।
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার ২১ দিনের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে দেশে প্রায় ৪ কোটি ১০ লাখ পরিবার চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সবার মাঝে এই কার্ড বিতরণ করা হবে।
এছাড়া, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানী প্রদান শুরু হয়েছে এবং প্রতিটি নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কৃষকদের জন্য বিশেষ উদ্যোগ হিসেবে “কৃষক কার্ড” চালুর ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, আগামী পহেলা বৈশাখ এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইল থেকে এই কর্মসূচি শুরু হবে এবং প্রাথমিকভাবে ২১ হাজার কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
সরকারি সুযোগ-সুবিধা কমানোর বিষয়ে তিনি জানান, এখন থেকে সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি বা প্লট নেওয়ার সুবিধা গ্রহণ করবেন না। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘিরে ভিআইপি প্রটোকলের বহরও বাতিল করা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী।