বিশেষ প্রতিনিধি, nipon।।
মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত হতে যাওয়া পদযাত্রা কর্মসূচি ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’ ১৪তম বছরে পদার্পণ করতে যাচ্ছে। মুক্তিযুদ্ধ জাদুঘর ও অভিযাত্রী দলের যৌথ আয়োজনে গত ১৩ বছর ধরে নিয়মিতভাবে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে।
আগামীকাল ভোরে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই অদম্য পদযাত্রার সূচনায় পদযাত্রী দলটি শহিদ মিনার থেকে যাত্রা শুরু করে জগন্নাথ হল বধ্যভূমি, নীলক্ষেত, কাঁটাবন, সায়েন্স ল্যাব এবং পিলখানা হয়ে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ অভিমুখে এগিয়ে যাবে। এই কলেজ প্রাঙ্গণটি একাত্তরে পাকিস্তানি বাহিনী ও আল-বদরদের ভয়াবহ নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল।
অভিযাত্রীরা আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সেখান থেকে তুরাগ নদী পার হয়ে সাভারের সাদুল্ল্যাপুর, কলমা গ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ হয়ে পদযাত্রার সমাপ্তি ঘটবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে।
‘অভিযাত্রী’ ২০১৩ সালে স্বাধীনতার ৪২ বছর পূর্তিতে ৪২ কিলোমিটার পথ হেঁটে এই কর্মসূচির সূচনা করেছিল। ২০১৬ সাল থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর এই আয়োজনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং একাত্তরের সেই উত্তাল দিনগুলোতে বীর যোদ্ধাদের অসামান্য ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে পদযাত্রার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং শহিদদের স্মৃতি তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।
ইতোপূর্বে এই পদযাত্রা মেহেরপুর, জামালপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে পালন করা হয়। এবার মৌলভীবাজারে গার্লস গাইডের আয়োজনে ঢাকার পাশাপাশি এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। ‘শোক থেকে শক্তি: অদম্য পদযাত্রা’ এর আয়োজক সংস্থা অভিযাত্রী ও মুক্তিযুদ্ধ জাদুঘর সর্বস্তরের মানুষকে এই পদযাত্রায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।