বিশেষ প্রতিনিধি, nipon।।
অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনায় অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান ও ‘জুলাই জাতীয় সনদ’কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং বিশেষ করে ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত চারটি অধ্যাদেশের বিষয়ে সব সদস্য একমত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পর্যালোচনার সুবিধার্থে ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত, কিছু অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই বিল আকারে সংসদে উপস্থাপন করে পাস করা হবে। দ্বিতীয়ত, কিছু অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী এনে বিল হিসেবে উত্থাপন করা হবে। আর তৃতীয়ত, যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলো বর্তমান অধিবেশনেই ল্যাপস (বাতিল) হয়ে যাবে এবং প্রয়োজনে ভবিষ্যতে নতুন বিল হিসেবে আনা হবে।
তিনি আরও বলেন, সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী নতুন বিল পাসের আগে সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোর অনুমোদন নিশ্চিত করতে হবে, যাতে কোনো আইনি জটিলতা সৃষ্টি না হয়। এ ক্ষেত্রে ‘জুলাই জাতীয় সনদ’ ও সাংবিধানিকতার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সালাউদ্দিন আহমদ বলেন, অধিকাংশ অধ্যাদেশ নিয়ে আলোচনা শেষ হলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন এবং মানবাধিকার কমিশন আইনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আরও আলোচনা প্রয়োজন রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৯ মার্চ রাত ৮টা ৩০ মিনিটে নির্ধারিত পরবর্তী বৈঠকে বাকি বিষয়গুলোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও চিফ হুইপ মো. নুরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।