বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহি বাস উল্টে নদীতে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নং পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরীতে ওঠার সময় পড়ে যায়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি জানান, আজ বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। পরে খবর পেয়ে উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাসটিতে ৫০ থেকে ৫৫ যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর পাঁচ থেকে সাতজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।