বিশেষ প্রতিনিধি, nipon।।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে সাতটায় স্মৃতিসৌধে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলের করুণ সুরে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সন্তানদের স্মরণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের প্রতি সম্মান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর পর পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুলিশের বিভিন্ন ইউনিট ও সংগঠনের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভারতীয় পুলিশ ‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তিন আসামিকে গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুযায়ী ভারত সরকারের কাছে আবেদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।