বিশেষ প্রতিনিধি, nipon।।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ( ২৬ মার্চ ) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়ে তারা কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে আবারও ফিরেছে ঐতিহ্যবাহী এই কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা স্থল ও আকাশপথে দেশের প্রতিরক্ষা সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এতে অংশ নেন।
ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের বর্ণাঢ্য প্রবেশের মধ্য দিয়ে মূল কুচকাওয়াজ শুরু হয়। এবারের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।
কুচকাওয়াজে অংশ নেয় সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী এবং আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট। আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা বহন করে অবতরণ করবেন এবং বিমান বাহিনী বিভিন্ন কৌশলগত প্রদর্শনী উপস্থাপন করবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে আকাশে চিত্তাকর্ষক প্রদর্শনের মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটাবে।