বিশেষ প্রতিনিধি, nipon।।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত আরও বাড়ালে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়া হতে পারে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার ( ২৬ মার্চ ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও এনডিটিভি-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ফার্স নিউজ এজেন্সি-কে বলেন, শত্রুপক্ষ যদি ইরানের দ্বীপপুঞ্জ বা ভূখণ্ডে স্থল অভিযান চালানোর চেষ্টা করে, কিংবা পারস্য উপসাগর ও ওমান সাগর অঞ্চলে সামরিক তৎপরতা বাড়ায়, তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে আইআরজিসি।
ইয়েমেন-এর দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত এই সংকীর্ণ জলপথটি লোহিত সাগরকে এডেন উপসাগরর সঙ্গে যুক্ত করেছে এবং সুয়েজ খালমুখী নৌ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্যও এই প্রণালির গুরুত্ব অপরিসীম। মধ্যপ্রাচ্যের উপকূলীয় তেলক্ষেত্র থেকে উৎপাদিত প্রায় ১২ শতাংশ তেল এই পথ দিয়েই পরিবহন করা হয়।
বিশ্লেষকদের মতে, প্রণালিটি ইয়েমেনের কাছে হলেও বাস্তবে এতে প্রভাব বিস্তারের সক্ষমতা রয়েছে ইরানের। কারণ দেশটির সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী ইয়েমেনের দক্ষিণাঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে।
আইআরজিসির ওই কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে হুথি নেতাদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং প্রয়োজনে তারা ইরানকে পূর্ণ সহযোগিতা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নৌ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।