বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার পর তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা।
তিনি জানান, উদ্ধারকারী দল স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে, যাতে কোনো মরদেহ ভেসে গেছে কি না তা খুঁজে বের করা যায়। দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হয়ে যাওয়ায় মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।