বিশেষ প্রতিনিধি, nipon।।
পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরণ করেন। চার দিনের সরকারি সফরে তিনি পাবনায় আসেন।
এসময় তাকে স্বাগত জানান পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ। অবতরণের পর রাষ্ট্রপতিকে সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়।
রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে বিশ্রামের পর রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় তিনি পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজ বাড়িতে পৌঁছবেন এবং সেখানে আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।