বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্টি হওয়া যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা বের করার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (৩১ মার্চ ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে যানজট কীভাবে কমানো যায় এবং এ বিষয়ে বিকল্প ব্যবস্থা কী হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করার নির্দেশ দিয়েছেন।
প্রেসসচিব রুমন আরও বলেন, “উদাহরণ হিসেবে দেখা গেছে, রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর জন্য ১০০টি গাড়ি স্কুলের সামনে ভিড় করছে, যা ব্যাপক যানজট সৃষ্টি করছে। এতে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে সময়মতো পৌঁছাতে সমস্যা বোধ করছে।”
এছাড়া শিক্ষামন্ত্রীর পরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।