বিশেষ প্রতিনিধি, nipon।।
বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে সংকটের কারণে দেশের জ্বালানি খাত নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (১ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
জবাবে মার্কিন জ্বালানি সচিব বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার কথা জানান এবং এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দেন।
তিনি বলেন, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, নিরাপদ ও স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য আমদানির সম্ভাবনা বাড়ানো নিয়েও আলোচনা হয়।
বৈঠকে উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন।