বিশেষ প্রতিনিধি, nipon।।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজশাহীতে সীমান্ত এলাকায় দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার ভোরে দামকুড়া থানাধীন পশ্চিম পাড়া ও বেড়পাড়া এলাকায় এসব অভিযান পরিচালিত হয়েছে বলে বুধবার (০১ এপ্রিল) ১ বিজিবি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে চরমাজারদিয়া বিওপি’র একটি দল পশ্চিম পাড়া এলাকার একটি আম বাগানে ওৎ পেতে এক মাদক কারবারিকে ধাওয়া করলে সে এক বস্তা ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ফেনসিডিল ফেলে পালিয়ে গেলে তা জব্দ করে ১ বিজিবি। অপরদিকে,ভোরে সোনাইকান্দি বিওপি’র অপর একটি দল বেড়পাড়া এলাকার একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে ৩৭ বোতল সিরাপ এবং ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মাদক কারবারিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যাওয়ায় দুটি অভিযাননে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত এসব মালিকবিহীন মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ১ বিজিবি। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে বিজিবি’র এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।