বিশেষ প্রতিনিধি, nipon।।
নীলফামারী প্রতিনিধি:
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে নীলফামারী সড়ক বিভাগের আয়োজনে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারী জেলার সব পতিত জায়গা, নদীবন্দর, খাল-বিল এবং সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।
সড়ক বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, টেকসই পরিবেশ নিশ্চিত করতে আগামী এক বছরে নীলফামারী জেলার আঞ্চলিক ও মহাসড়কের ধারে ফলদ, বনজ ও ওষুধি এই তিন প্রজাতির মোট তিন হাজার চারা রোপণ করা হবে। আজ সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়কে এই কার্যক্রমের সূচনা করা হলো।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া, উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান, সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, রোপণকৃত চারাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ নজরদারি রাখা হবে যাতে প্রতিটি চারা পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে পারে।