বিশেষ প্রতিনিধি, nipon।।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি ফুটবল ফেডারেশনের প্রধানকে পদত্যাগের আহবান জানিয়েছেন। মঙ্গলবার ইউরোপীয়ান প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে পরাজিত ইতালি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় এ নিয়ে টানা তিনবার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো আজ্জুরিরা। আগামী সপ্তাহে বোর্ড সভায় ফুটবল ফেডারেশন প্রধানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এফআইজিসির শীর্ষ পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে ইতালিয়ান ফুটবলকে নতুন করে গড়ে তুলতে হবে ক্রীড়ামন্ত্রী আবোদির এমন মন্তব্যে ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)-এর প্রধান গ্যাবিয়েল গ্রাভিনা বলেছেন তিনি পদত্যাগ করবেন না। ২০১৮ সালে কার্লো টাভেসিওর স্থলাভিষিক্ত হন ২০১৭ সালে সুইডেনের কাছে হেরে ইতালির বিশ্বকাপ মিসের পর পদত্যাগ করা গ্রাভিনা।
বৃহস্পতিবার ইতালির তিনটি পেশাদার লিগ, খেলোয়াড় ও রেফারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন গ্রাভিনা।
গতকাল প্লে-অফে পরাজয়ের পর ফুটবল যথেষ্ট রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে না অভিযোগ তুলে গ্রাভিনা স্বীকার করেন, “ইতালিয়ান ফুটবলে গভীর সংকটে রয়েছে।” এ ছাড়া তিনি অন্য খেলাগুলোকে “অ্যামেচার” বলে উল্লেখ করায় সৃষ্টি হয়েছে বিতর্কের। অলিম্পিক স্বর্ণজয়ী স্পিড স্কেটার ফ্রান্সেসকা লোরোব্রিগিডা ইনস্টাগ্রামে ব্যঙ্গ করে লিখেছেন, “আমি তাহলে একজন অ্যামেচার।”
মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিকে ইতালি রেকর্ড ৩০টি পদক এবং প্যারিস ২০২৪ অলিম্পিকেও ৪০টি পদক অর্জন করেছে। বিশ্ব টেনিস তারকা ইয়ানিস সিনারের সাফল্যের উদাহরণ উল্লেখ করে আবোদি বলেন, “তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে না পারার দায় এড়িয়ে গিয়ে রাষ্ট্রকে দোষারোপ করা যেমন ভুল। একইসাথে অন্য খেলাধুলার গুরুত্ব কমিয়ে দেখাও ঠিক নয়।”