বিশেষ প্রতিনিধি, nipon।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন। বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে তার পারফরম্যান্সে অসন্তোষ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র জানিয়েছে, ট্রাম্প মনে করছিলেন যে, তার সমালোচক ও বিরোধীদের বিরুদ্ধে ফৌজদারি মামলায় দ্রুত পদক্ষেপ নিতে বন্ডি যথেষ্ট কার্যকর ভূমিকা রাখছিলেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনা করবেন। উল্লেখ্য, ব্ল্যাঞ্চ আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ছিলেন।
ওই পোস্টে ট্রাম্প বন্ডিকে “মহান দেশপ্রেমিক ও বিশ্বস্ত বন্ধু” হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়েছে। তিনি আরও জানান, বন্ডি শিগগিরই বেসরকারি খাতে নতুন দায়িত্বে যোগ দেবেন।
নিজের প্রতিক্রিয়ায় বন্ডি বলেন, যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করতে ট্রাম্পের প্রচেষ্টার অংশ হতে পারা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আগামী এক মাস দায়িত্ব হস্তান্তরের কাজ করবেন বলে জানান।
এদিকে টড ব্ল্যাঞ্চ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বন্ডির প্রশংসা করেন এবং দেশকে নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন।
অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে বন্ডি ট্রাম্পের নীতির কড়া সমর্থক ছিলেন। তবে এপস্টেইন সংশ্লিষ্ট নথি প্রকাশ নিয়ে সমালোচনা তার দায়িত্বকালকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এবং কিছু রিপাবলিকান আইনপ্রণেতাও এ বিষয়ে তার সমালোচনা করেন।
অভিযোগ ওঠে, যৌন পাচার সংক্রান্ত তদন্তের নথি প্রকাশে গোপনীয়তা রক্ষা বা ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। একাধিক সূত্র জানায়, হোয়াইট হাউসে সাম্প্রতিক এক বৈঠকে ট্রাম্প সরাসরি বন্ডিকে তাকে প্রতিস্থাপনের সিদ্ধান্তের কথা জানান।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই ট্রাম্প তার অসন্তোষ প্রকাশ করে আসছিলেন এবং বিকল্প প্রার্থী হিসেবে লি জেলডিনসহ আরও কয়েকজনের নাম বিবেচনায় ছিল।
সূত্র: রয়টার্স