বিশেষ প্রতিনিধি, nipon।।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জোনায়েদ সাকী। রাজধানীর হাতিরপুলে শনিবার (৪ এপ্রিল) গণসংহতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগ প্রসঙ্গে জোনায়েদ সাকী জানান, তিনি দল থেকে পদত্যাগ করেননি, বরং সাংগঠনিক নীতির অংশ হিসেবে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছাড়ছেন। তিনি প্রধান সমন্বয়কারীর দায়িত্ব থেকে সরে গেলেও দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আগের মতোই সক্রিয় থাকবেন এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন।
নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন দেওয়ান আবদুর রশিদ নীলু।
জোনায়েদ সাকী গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। সেই অনুষ্ঠানে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়েছিল।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকী। পরে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকেন।