বিশেষ প্রতিনিধি, nipon।।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রভাবে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় দেশের সরকারি ও বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আজ (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। এখন থেকে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি অপরিবর্তিত থাকবে।
এর আগে গত ২ এপ্রিল মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় এবং ৪ এপ্রিল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে। তবে জরুরি পরিষেবাগুলো এই সময়সূচির আওতার বাইরে থাকবে।
এদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্যও একই অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া আদালতের সময়সূচি নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট এবং শিল্প-কারখানার কর্মঘণ্টা নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
সরকার আশা করছে, নতুন এই সময়সূচি জ্বালানি সাশ্রয় এবং বিদ্যুৎ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।