বিশেষ প্রতিনিধি, nipon।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের লক্ষণ নিয়ে শিশু ভর্তি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে চিকিৎসাধীন শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৭ মার্চ থেকে ৫ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ২২৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে ১৫৫ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, ৬ শিশুর মৃত্যু হয়েছে এবং বর্তমানে ৬৩ শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় আরও ২৪ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
মমেক হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা জানান, বর্তমানে সর্বনিম্ন ৩ মাস থেকে ১০ বছর বয়সী শিশু ভর্তি রয়েছে। তবে বিশেষভাবে ৬ মাস থেকে ১ বছর বয়সী শিশুর সংখ্যা বেশি। সব রোগীর যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, মার্চের মাঝামাঝি থেকে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।