বিশেষ প্রতিনিধি, nipon।।
সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণের প্রস্তাবিত বিল জাতীয় সংসদে পাস হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী রোববার (৫ এপ্রিল) বিকেলে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বিলের মূল বিধান অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সহ সকল সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হবে। স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেখানে বয়সসীমা আগে ৩০ বা অনূর্ধ্ব ৩২ ছিল, সেখানে নতুন করে ৩২ বছরের বয়সসীমা প্রযোজ্য হবে। তবে আগে উচ্চতর বয়সসীমা নির্ধারিত পদগুলোর ক্ষেত্রে (যেমন ৩৫, ৪০ বা ৪৫ বছর) আগের নিয়ম বহাল থাকবে। প্রতিরক্ষা ও আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়োগের নিয়মও অপরিবর্তিত থাকবে।
প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, শিক্ষিত বেকার যুবকদের জন্য সুযোগ বাড়ানো এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব আনতে এই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। এ বিলের মাধ্যমে ২০২৪ ও ২০২৫ সালের দুটি অধ্যাদেশকে স্থায়ী আইনি রূপ দেওয়া হয়েছে এবং আগে তৈরি কিছু কারিগরি অস্পষ্টতাও দূর করা হয়েছে।
হাফিজ/ আয়না নিউজ