বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশের শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে উৎসবভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা অপরিবর্তিত রয়েছে। বর্তমান সরকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে চলতি বছর উৎসবভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, আসন্ন ঈদুল আজহার সময় থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়েও আলোচনা চলছে। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের আর্থিক কাঠামো আধুনিকায়নের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।
সরকারের এমন উদ্যোগে দেশের শিক্ষকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
হাফিজ/ আয়না নিউজ