বিশেষ প্রতিনিধি, nipon।।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দীর্ঘদিনেও আলোচিত এই হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি বলেছে, আর কোনো বিলম্ব নয়—এবার চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে ডিআরইউ প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন। তিনি বলেন, “বর্তমান সরকার যদি এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় আন্তরিকতা না দেখায়, তাহলে ডিআরইউ ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
সমাবেশ থেকে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, বিগত সরকার বছরের পর বছর তদন্ত প্রতিবেদনের সময় বাড়িয়ে বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করেছে। তারা বলেন, বিচারের নামে শুধু কালক্ষেপণ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে হত্যাকাণ্ডের কোনো অগ্রগতি হয়নি।
সাংবাদিক নেতারা আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তারা আশা প্রকাশ করেন, বর্তমান নেতৃত্ব এই হত্যার বিচার নিশ্চিত করবে।
সমাবেশে ডিআরইউর বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সারা দেশের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, ২০১২ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডটি দেশের অন্যতম আলোচিত ও রহস্যঘেরা মামলা হিসেবে দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে।
হাফিজ/ আয়না নিউজ