বিশেষ প্রতিনিধি, nipon।।
ভোটাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ‘ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকারের সঞ্চালনায় সংসদ সদস্যদের ‘হ্যাঁ’ ভোটে বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সংসদীয় কার্যক্রমের শুরুতেই স্পিকার বিলটির ওপর দফাওয়ারি সংশোধনীগুলো হাউসে উত্থাপন করেন। কোনো সংশোধনী না থাকায় বিলের ধারা ২, ৩ ও ৪ এবং শিরোনাম ও প্রস্তাবনাগুলো কণ্ঠভোটে গৃহীত হয়।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেন, “সর্বজনীন ভোটাধিকার নীতি বাস্তবায়নের স্বার্থে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য নির্বাচনের তফসিল ঘোষণার যৌক্তিক সময়ের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদেরও ভোটাধিকার প্রয়োগের সুযোগ প্রদানের জন্য এই সংশোধনী আনা হয়েছে।”
মন্ত্রী আরও উল্লেখ করেন, সংবিধানের ৯৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী পূর্ববর্তী অধ্যাদেশটিকে আইনের ধারাবাহিকতা রক্ষায় সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে বিল আকারে পাস করা বাধ্যতামূলক। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে সর্বজনীন ভোটাধিকার নীতি আরও সহজভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
উল্লেখ্য, ‘ভোটার তালিকা আইন, ২০০৯’ সংশোধনের লক্ষ্যে গত বছর ‘ভোটার তালিকা অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছিল। আজ তা পূর্ণাঙ্গ আইনে রূপান্তরিত হলো।
হাফিজ/ আয়না নিউজ