বিশেষ প্রতিনিধি, nipon।।
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো স্বাভাবিক হয়নি সমুদ্রপথে চলাচল। এরই প্রভাব পড়েছে বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’-র ওপর, যা হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে ফেরত যেতে বাধ্য হয়েছে।
আঞ্চলিক সংঘাতের কারণে জাহাজটি প্রায় ৪০ দিন ধরে মধ্যপ্রাচ্যের সমুদ্রসীমায় আটকা পড়ে ছিলো। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গত বুধবার (৮ এপ্রিল) সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে হরমুজ প্রণালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি।
প্রায় ৪০ ঘণ্টার যাত্রা শেষে শুক্রবার সকালে ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালী থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান নেয়। এরপর প্রণালী অতিক্রমের জন্য ইরান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চাওয়া হয়। তবে সেই অনুমতি প্রত্যাখ্যান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাৎক্ষণিক কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় জাহাজটি পথ পরিবর্তন করে আবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ অফশোর পোর্ট লিমিটস (ওপিএল)-এর দিকে রওনা দেয়। এতে করে জাহাজটির যাত্রা আরও বিলম্বিত হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যদিও যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে চলাচলের ক্ষেত্রে বিভিন্ন দেশের কড়াকড়ি ও নিরাপত্তা বিবেচনা এখনো বহাল রয়েছে।
এই পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলে আরও বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।