বিশেষ প্রতিনিধি, nipon।।
সরকার শ্রমিকদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ ও মো. নাহিদ ইসলাম বলেছেন, তারা নতুন বাংলাদেশের সঙ্গে বেঈমানি করেছে।
তিনি বলেন, গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সরকার। এই সরকার গণবিরোধী সরকার। ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের রক্তের কথা ভুলে গেছে।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এ দেশের ইতিহাসে আমরা বারবার দেখেছি, শ্রমিকেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ১৯৪৭ এর আজাদির লড়াই থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং এ দেশে যত গণঅভ্যুত্থান হয়েছে, এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের অধিকাংশই শ্রমজীবী মানুষ।
অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো আইনে পরিণত করার ও সংস্কার বাস্তবায়নের ওয়াদা বিএনপি ভঙ্গ করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, 'এ দেশের রাজনীতিতে ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয় না। গণআন্দোলন গড়ে তুলে শ্রমিকের অধিকারসহ সংস্কার বাস্তবায়নে বাধ্য করা হবে।'
হাফিজ/ আয়না নিউজ