বিশেষ প্রতিনিধি, nipon।।
আন্দামান সাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই রোহিঙ্গা শরণার্থী বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
প্রাথমিকভাবে জানা গেছে, ট্রলারটি অতিরিক্ত যাত্রী বহন করছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কার্যক্রম এখনো চলমান থাকলেও অনেকেরই খোঁজ মেলেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, সাম্প্রতিক এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাগুলো বলেছে, এ ধরনের মর্মান্তিক ঘটনা দীর্ঘদিনের বাস্তুচ্যুতি সংকট এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধানের অভাবের ফল। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে তাদের নিরাপদে নিজ দেশে ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছে।
সংস্থাগুলোর মতে, মানবিক সহায়তা কমে যাওয়া, শরণার্থী শিবিরে সীমিত সুযোগ-সুবিধা, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব অনেককেই বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করতে বাধ্য করছে। পাশাপাশি মানবপাচারকারীদের মিথ্যা প্রলোভনও এ ধরনের ঘটনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে সংস্থাগুলো বলেছে, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য সহায়তা জোরদার করতে হবে। একই সঙ্গে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে রোহিঙ্গারা স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যেতে পারেন।
তারা সতর্ক করে দিয়ে বলেছেন, সমন্বিত উদ্যোগ না নিলে ভবিষ্যতেও এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা অব্যাহত থাকবে এবং প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে।
হাফিজ/ আয়না নিউজ