বিশেষ প্রতিনিধি, nipon।।
পবিত্র হজ পালন করার উদ্দেশে বাংলাদেশ থেকে রওনা হওয়া ৪৪৫৭ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ পোর্টাল। রোববার (১৯ এপ্রিল) পোর্টালের তথ্য অনুসারে,সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন যাত্রী ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন।
১৮ এপ্রিল ভোর ৪টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ যোগে ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সেখানে হজযাত্রীদের স্বাগত জানাতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলাম ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন-
দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন
একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরবে নেওয়া হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইন্স ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১টি ফ্লাইটে ৪২৩ জন হজযাত্রী পরিবহন করেছে।
আগামী ২৬ মে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা রয়েছে। ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের এই যাত্রা আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।
এফএ/ আয়না