বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় মানববন্ধন করেছেন শরিয়াহভিত্তিক ছয়টি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১৯ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে তারা চাকরিতে পুনর্বহালের দাবিতে ১৫ দিনের আলটিমেটাম ঘোষণা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিচ্যুতরা অভিযোগ করেন, ৫ আগস্টের পর কোনো নিয়ম-নীতি অনুসরণ না করেই প্রায় ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা বলেন, ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে এবং পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা জরুরি।
এছাড়া তারা নিয়োগ ও পদোন্নতি সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে নিশ্চিত করা, কথিত ‘মব সৃষ্টিকারীদের’ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার দাবি জানান।
মানববন্ধনে ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রত্যন্ত অঞ্চল থেকে আসা অনেক অংশগ্রহণকারী জানান, চাকরি হারানোর পর তারা বর্তমানে চরম মানবিক সংকটে জীবনযাপন করছেন।
এর আগে এই ছয়টি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের হাতে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রুপটি ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হারায়।