বিশেষ প্রতিনিধি, nipon।।
অবাধ তথ্যপ্রবাহের যুগে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এমনটাই বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রম শুরু হয়।
লিখিত প্রশ্নে সংসদ সদস্য জানতে চান, ডিজিটাল যুগে ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে সরকারের কী পরিকল্পনা রয়েছে। জবাবে মন্ত্রী জানান, এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
তিনি বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মাধ্যমে সাংবাদিকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যারেটিভ তৈরি, তথ্যের নীতিগত দিক এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতি মাসে ঢাকায় ২টি এবং ঢাকার বাইরে ৪টি কর্মশালা আয়োজনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সাংবাদিক নেতাদের অংশগ্রহণে মাসে অন্তত একটি কর্মশালা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী আরও জানান, ফ্যাক্ট-চেকিং কার্যক্রম জোরদার করতে বিভিন্ন সংস্থা ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে। ভুয়া খবর প্রতিরোধে নিয়মিত আলোচনা ও সেমিনার আয়োজনের প্রস্তুতিও চলছে।
তিনি বলেন, গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তর থেকে ২২টি ফটোকার্ড এবং ১০টি তথ্যবিবরণী বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।
তথ্যমন্ত্রী আরও জানান, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী সাংবাদিকতা নীতি লঙ্ঘনের অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে এবং বর্তমানে আটটি অভিযোগ বিচারাধীন রয়েছে। এছাড়া দেশের ৩২টি জেলায় সাংবাদিকদের অংশগ্রহণে অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
সরকারের এসব উদ্যোগ সাংবাদিকতার মানোন্নয়ন ও ভুয়া সংবাদ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
হাফিজ/ আয়না নিউজ