বিশেষ প্রতিনিধি, nipon।।
দেশজুড়ে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে একযোগে এ পরীক্ষা শুরু হয়। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৭১ হাজার ৬২৬ জন।
বোর্ডভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম সিলেট বোর্ডে। সাধারণ শিক্ষা বোর্ডের বিভাগভিত্তিক পরিসংখ্যানে মানবিক বিভাগে সর্বাধিক ৬ লাখ ২৭ হাজার ৪৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বিজ্ঞান বিভাগে রয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৭৬৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিচ্ছে ২ লাখ ২১ হাজার ১৮৪ জন। অধিকাংশ বিভাগেই ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
এবার নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে শিক্ষা প্রশাসন। ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে সব পরীক্ষাকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। প্রশ্নফাঁস ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষামন্ত্রীর সম্ভাব্য ‘সারপ্রাইজ ভিজিট’ নিয়েও আলোচনা রয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য সহায়ক ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।
সূচি অনুযায়ী, বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
হাফিজ/ আয়না নিউজ