বিশেষ প্রতিনিধি, nipon।।
শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা-কে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে আগামী মৌসুমে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগ-এ অংশ নিতে পারবেন না তিনি।
জানা গেছে, চলতি মৌসুমে পিএসএলের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে নিলামে লাহোর কালান্দার্স-এর সঙ্গে ৭৫ লাখ পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শানাকা। তবে পরে স্যাম কারান-এর চোটের কারণে বদলি খেলোয়াড় হিসেবে রাজস্থান রয়্যালস-এ যোগ দিতে পিএসএল থেকে সরে দাঁড়ান তিনি।
পিসিবির মতে, টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এভাবে নাম প্রত্যাহার করা চুক্তিগত বাধ্যবাধকতার সরাসরি লঙ্ঘন। এতে সংশ্লিষ্ট দলের পরিকল্পনা ব্যাহত হয়েছে এবং লিগের সামগ্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, নিজের এই সিদ্ধান্তের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন শানাকা। এক বিবৃতিতে তিনি বলেন, পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে তিনি গভীরভাবে অনুতপ্ত এবং পাকিস্তানের জনগণ, পিএসএল ভক্ত ও বিশ্ব ক্রিকেট সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।
তিনি আরও উল্লেখ করেন, পিএসএল একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং তার এই সিদ্ধান্তে যে হতাশা তৈরি হয়েছে, তা তিনি উপলব্ধি করতে পারছেন। বিশেষ করে লাহোর কালান্দার্স-এর সমর্থকদের হতাশ করার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
হাফিজ/ আয়না নিউজ