বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর বনানী এলাকায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনের ওপর ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ এপ্রিল) র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাঞ্চল্যকর এ হামলার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্তসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে সোমবার (২০ এপ্রিল) অফিস শেষে বাসায় ফেরার পথে বনানীর পুরনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ডা. আহমদ হোসেনের ওপর হামলা চালায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২ থেকে ৩ জন হামলাকারী তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে তার ডান হাত ও পিঠে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
হাফিজ/ আয়না নিউজ