বিশেষ প্রতিনিধি, nipon।।
বাংলাদেশ নারী দল তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেও দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না নিগার সুলতানা জ্যোতি দল। এবার বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল সফররত শ্রীলঙ্কা। আগামী শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।
১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ওপেনার ও দলনেতা চামিরা আতাপাতু আগ্রাসী ব্যাটিং এ করেন ৪০ রান। মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন ওপেনার হাসিনি পেরেরা আর ৮ রান করেন ইমেশা দুলানি।
হারশিথা সামারাবিক্রমা ও হানসিমা করুনারত্নের ৭৭ রানের জুটিতে ৪০ রানে করুনারত্নে ও ৫০ রানে সামারাবিক্রমা আউট হয়ে সাজঘরে ফেরেন। আর ৪ রানে ফেরেন কৌশানি। এরপর জয় নিয়ে মাঠ ছাড়েন কাভিশা ও নীলাক্ষী। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার সর্বোচ্চ চারটি উইকেট নেন আর একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও রিতুমনি।
আরও পড়ুন-
বাংলাদেশকে ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী জরিমানা
আজ টস জিতে রাজশাহীতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের টপঅর্ডাররা অধিনায়কের নেওয়ার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে না পারায় মাত্র ৪ রানের মাথায় সাজঘরে ফেরেন দুই ব্যাটার। ২ রানে জুয়াইরিয়া ফেরদৌস ও শূন্য রানে শারমিন আক্তার আউট হন। দলনেতা জ্যোতি একপ্রান্ত আগলে রাখলেও অপর প্রান্ত থেকে সঙ্গ না পাওয়ায় বাংলাদেশ হারাতে থাকে একের পর এক উইকেট। চারটি চারে সাজানো ১০১ বলে খেলা ৫৮ রানের ইনিংস ছিল তার।
শারমিন সুলতানা ২৫, সোবহানা মোস্তারি ৫, স্বর্ণা আক্তার ১৬, রিতুমনি ১৭, নাহিদা আক্তার ২০, রাবেয়া খান ১৫, মারুফা আক্তার ১ ও সুলতানা খাতুন ১ রান করেন। আর বাংলাদেশের ইনিংস থামে ১৬৫ রানে। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন দলনেতা চামারি আতাপাতু। আর দুটি করে উইকেট নেন তিন বোলার।
এফএ/ আয়না