বিশেষ প্রতিনিধি, nipon।।
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের একটি বাড়িতে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চন্দনপুর গ্রামের পশ্চিমপাড়ায় মৃত আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বাড়ির গেট, রান্নাঘরের দরজা ও উঠানের বিভিন্ন স্থানে তিনটি সন্দেহজনক বস্তু ঝুলিয়ে রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে এগুলো দেখতে পান এবং আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন জড়ো হয়ে বিষয়টি দেখে কেউই কাছে যাওয়ার সাহস পাননি এবং দ্রুত পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একই সঙ্গে বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহিন জানান, প্রাথমিকভাবে বস্তুগুলোকে হাতবোমা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ