বিশেষ প্রতিনিধি, nipon।।
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে কেমিক্যাল মেশানো তিন হাজার ৩৬০ কেজি অপরিপক্ক আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অপরিপক্ব আমে কেমিক্যাল মিশিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৬৮ ক্যারেটে রাখা তিন হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। পরে জব্দকৃত আম শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন ভেড়িবাঁধ সড়কে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে বিনষ্ট করা হয়।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান জানান, ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত আম পরিবহনের দায়ে পিকআপ চালক শাহিন হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
মোমিন/ হাফিজ/ আয়না নিউজ