বিশেষ প্রতিনিধি, nipon।।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয়করণ বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন,অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে পরিচালিত হবে, যেখানে দলীয় রাজনীতি বা বিশেষ সুবিধার কোনো সুযোগ নেই।
শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কাউকে রাখা হবে না। ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও তিনি জানান।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি স্থিতিশীল, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং এ ক্ষেত্রে দল-মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সমাজে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করে, যাদের প্রকৃত কোনো রাজনৈতিক পরিচয় নেই।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশেও কিছুটা চাপ রয়েছে। তবে জনগণের কথা বিবেচনায় রেখে জ্বালানির দাম সামান্য বাড়ানো হয়েছে। অন্যান্য দেশের তুলনায় দেশের পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে এবং উৎপাদন বা দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের ব্যাঘাত ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।
ব্যাংকিং খাতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অতীতে প্রায় ২৩০ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হওয়ায় ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে অনেক ব্যাংক সংকটে রয়েছে এবং শেয়ারবাজারও নাজুক অবস্থায় রয়েছে। তবে সরকার পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কাজ করছে এবং পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাফিজ/ আয়না নিউজ